ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
এখন আর ফেরি ঘাটে চাঁদাবাজি হয় না বলে দাবি করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‘আগে গাড়ি ফেরির জন্য অপেক্ষা করত, আর এখন গাড়ির জন্য ফেরি অপেক্ষা করে।’ সোমবার বিকালে ঈদের আগের সার্বিক পরিস্থিতি দেখতে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় নৌমন্ত্রীর সঙ্গে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মজিবুর রহমান, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মুহাম্মদ শামসুদ্দোহা, রাজবাড়ী জেলা প্রশাসক হাসানুজ্জামান, মানিকগঞ্জ পুলিশ সুপার মো. রেজাউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
নৌমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার পাঁচ বছরে সাতটি ফেরি তৈরি করেছে। আগামী ডিসেম্বরে আরও সাতটি ফেরি বহরে যোগ হবে এবং ২০১৪ সালে ছয়টি ফেরি যোগ হবে। তিনি অভিযোগ করে বলেন, বিরোধী দলের নেতা খালেদা জিয়া ১০ বছর ক্ষমতায় থাকাকালে একটিও ফেরি তৈরি করেননি। তিনি বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে দেশের বন্ধ নৌরুটগুলো সচল করা হবে।
নির্বাচন প্রসঙ্গে নৌমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়েই হবে। আগামী ২৪ জানুয়ারি নবম জাতীয় সংসদের মেয়াদ শেষ হবে এবং এর এক মাস আগে নির্বাচন অনুষ্ঠিত হবে।




