রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়আজ সারাদেশের ওষুধের দোকানে ধর্মঘট

আজ সারাদেশের ওষুধের দোকানে ধর্মঘট

বৈধ, অবৈধ ওষুধ ও যেসব কোম্পানির লাইসেন্স স্থগিত করা হয়েছে তার তালিকা প্রকাশসহ আট দফা দাবিতে আজ বৃহস্পতিবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত সারা দেশে ওষুধের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস)।

সমিতির অন্য দাবির মধ্যে রয়েছে, অন্যায়ভাবে নেওয়া ওষুধ ও জরিমানার টাকা ফেরত দেওয়া, জব্দ করা ওষুধের তালিকা সমিতিকে দেওয়া, অননুমোদিত ওষুধের চিকিৎসা ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) লেখা বন্ধ করা, তল্লাশি অভিযানের সময় সমিতির প্রতিনিধি উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করা, ড্রাগ লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলে ৮০০ টাকার বেশি জরিমানা না করা।

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

বিসিডিএসের কেন্দ্রীয় সভাপতি মো. সাদেকুর রহমান জানান, গত সোমবার পুরান ঢাকার বাবুবাজারে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী আট দফা দাবি ওষুধ প্রশাসনের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। দাবি পূরণে মহাপরিচালককে গতকাল বুধবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। এ সময়ের দাবি মানা না হলে বৃহস্পতিবার সারা দেশে সকাল থেকে রাত ১০টা পর্যন্ত ওষুধের দোকান বন্ধ থাকবে। দাবি আদায়ে প্রয়োজনে ঢাকা ও জাতীয় কমিটির সঙ্গে বৈঠক করে বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।

গত শনিবার পুরান ঢাকার মিটফোর্ড এলাকার নয়টি ওষুধের মার্কেটে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনুমতি ছাড়া আমদানি করা ওষুধ ও খাদ্য সম্পূরক বিক্রির অভিযোগে ১০৩ জনকে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে ২০ জনকে এক বছর করে কারাদণ্ড এবং বাকি ৮৩ জনকে সোয়া কোটি টাকা জরিমানা করা হয়। এ সময় ২৮টি ওষুধের দোকান সিলগালা করে দেওয়া হয়। জব্দ করা হয় প্রচুর ওষুধ ও চিকিত্সা সামগ্রী। এর প্রতিবাদে রোববার ওষুধ ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্ত দোকানপাট বন্ধ করে দিনভর বিক্ষোভ করেন। পরদিন সোমবার দুপুরে মিটফোর্ড সড়কে ওষুধ ব্যবসায়ীদের পূর্বনির্ধারিত মানববন্ধন কর্মসূচি সমাবেশে পরিণত হয়। সেখান থেকে আট দফার দাবির সিদ্ধান্ত হয়।

বিসিডিএসের সভাপতি সাদেকুর রহমান বলেন, মিটফোর্ড রোডে ওষুধের পাইকারি মার্কেটের ৯৮ ভাগ ওষুধের ব্যবসায়ী নির্ভেজাল। যারা নকল ওষুধ বিক্রি করে তাদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে তাঁদের কোনো আপত্তি নেই।

কিন্তু সেদিন ১০৩ ব্যবসায়ীকে যেভাবে কোমরে দড়ি বেঁধে ও হাতকড়া পরিয়ে নেওয়া হয়েছে, তা নিতান্ত দুঃখজনক।

সমিতির উপসচিব এ এস এম মনির হোসেন বলেন, সারা দেশে পাঁচ লাখের মতো ওষুধ ব্যবসায়ী তাঁদের দোকান বন্ধ রেখে স্বতঃস্ফূর্ত ধর্মঘট পালন করবেন।

আরও পড়ুন

সর্বশেষ