ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
প্রেমে করে বিয়ের ২৪ ঘণ্টা পর স্ত্রীকে যৌনপল্লিতে বিক্রি করেছে এক লম্পট। লম্পট সেই স্বামীর নাম সাব্বির হোসেন শিমুল। সে যশোর জেলার মনিরামপুর উপজেলার ডাঙ্গামহিষদীয়া গ্রামের আবদুস সালাম মোল্যার ছেলে। লম্পট শিমুল খুলনা বিএল বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
জানা যায়, একই গ্রামের মনিরামপুর কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রীর সঙ্গে শিমুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১০ সেপ্টেম্বর শিমুল তার প্রেমিকাকে যশোরের একটি নার্সিংহোমে চাকুরি দেওয়ার নাম করে বাড়ি থেকে নিয়ে যায়। কিন্তু চাকরি না দিয়ে পরের দিন শিমুল তার দুই বন্ধু রানা এবং লোকনাথের সহযোগীতায় খুলনার দৌলতপুর রেজিস্ট্রি অফিসে নিয়ে ৫০ হাজার টাকার কাবিনে বিয়ে করে। পরদিন ১২ সেপ্টেম্বর শিমুল তার নববধূকে ফুলতলার যৌনপল্লিতে মাত্র ২০ হাজার টাকায় বিক্রি করে পালিয়ে যায়। বিষয়টি জানতে পেরে ছাত্রীর বাবা থানায় অভিযোগ করলে পুলিশ ১৯ সেপ্টেম্বর নিষিদ্ধপল্লি থেকে তাকে উদ্ধার করে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সোমবার রাতে মনিরামপুর থানায় শিমুল, তার বন্ধু রানা ও লোকনাথকে আসামি করে মামলা করেন। আসামিদের আটকের জন্য এলাকায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।




