ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ‘রামপাল’ স্থাপনের প্রকল্প বাতিল করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার এক বিবৃতিতে এরশাদ বলেন, ‘রামপাল’ স্থাপনের উদ্যোগ সুন্দরবনকে ধ্বংস করার একটি আত্মঘাতি প্রকল্প। দেশের মানুষ সরকারের এই অদুরদর্শী সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিয়েছে।
তিনি বলেন, সুন্দরবন শুধুমাত্র আমাদের ঐতিহ্যই নয় বরং দেশবাসী এটাকে আল্লাহর দান হিসেবে মনে করে। তাই এটা ক্ষতিগ্রস্ত হোক- তা জাতি কোনোভাবেই মেনে নিতে পারে না।
তিনি বলেন, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য বাংলাদেশে অনেক উপযুক্ত জায়গা আছে। কিন্তু সেটা সুন্দরবনের কাছে কেন স্থাপন করতে হবে। এই বনভূমির পরিবেশ বিনষ্ট হবার মতো কোনো পদক্ষেপ আমরা মেনে নিতে পারবো না। দেশের মানুষ চায় না এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানান সাবেক এই রাষ্ট্রপতি।




