রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদটপবিয়েতে তারকাদের অনীহা !

বিয়েতে তারকাদের অনীহা !

বিনোদন ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

বাংলাদেশে বিনোদনপ্রিয় দর্শকের খুব আগ্রহের একটি বিষয় হল ‘তারকাদের বিয়ে’। আর তারকারাও কম কৌশলী না। বিয়ে নিয়েই সবচেয়ে বেশি লুকোচুরি করেন তারা। মিডিয়ায় একটা কথা আছে ‘বিয়ে হলেই নায়ক-নায়িকার জনপ্রিয়তা কমে যায়।’ তাই হয়তো বিয়ের খবরটা লুকাতে চান তারকারা। কিন্তু বিয়ে নিয়ে তারকাদের কী ভাবনা? সেই ভাবনার খবর জানতে গিয়ে দেখা যায় অধিকাংশ তারকারই বিয়ের প্রতি অনীহা রয়েছে। আবার আগ্রহ যে নাই তাও নয়।

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পপি যেমন বিয়ের পক্ষে না। বিয়ে নিয়ে এক সাক্ষাৎকারে পপি বলেছিলেন, ‘দেখুন বিয়ে একটা মেয়ের জীবনের আলটিমেট টার্গেট হতে পারে না। আমি এটা মানি না। একজন মেয়ের জীবনে অনেক কিছু করার আছে। আমি যেমন এখ05ন কাজটাই করতে চাই। আজ থেকে ৪০ বা ৫০ বছর পরেও যেন মানুষ আমাকে মনে রাখে সে কাজটি করতে চাই। বিয়েটা আমার কাছে এত জরুরি বিষয় না।’ তার মত শোবিজের অনেক তারকাই এমনটা ভাবেন। আবার উল্টাও ভাবেন অনেকে। বিয়ে নিয়ে কথা বলেছেন এ সময়ের কয়েকজন তারকা। আসুন শুনি তাদের বিয়ে নিয়ে ভাবনার গল্প।

কথা হল অভিনেত্রী স্বাগতার সাথে। এ ব্যাপারে তিনি বলেন, ‘বিয়ে নিয়ে আমি কখনোই কিছু ভাবি না। বিয়ে করতে হবে আর বাবা-মা বিয়ে দিবে তাই বিয়ে করবো আলাদা করে আমার কোন চিন্তা নেই’ বিয়ে নিয়ে এমন উদাসীনতার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা যারা মিডিয়া জগতে কাজ করি তারা নিজেদেরকেই ঠিক মত সময় দিতে পারি না। সেক্ষেত্রে স্বামীর জন্য আলাদা করে সময় বের করা খুব কঠিন হয়ে যায়। আর একটা ব্যাপার সেটা হল বিয়ের পর বাচ্চা হবে তাই বিয়ে নিয়ে আপাতত ভাবছি না।’

অভিনেত্রী ইশানা বলেন, ‘বিয়ে নিয়ে আমি না ভাবলেও আমার বাবা-মা খুব ভাবছেন। তাই বিয়ের ব্যাপারটা আমি ভাগ্য এবং মা-বাবার উপর ছেড়ে দিয়েছি।’ নিজের জন্য কেমন বর আশা করেন জানতে চাইলে তিনি বলেন,‘আমি চাই আমার বর আমাকে ভাল বুঝবে। আর আব্বু আম্মু বিয়ে ঠিক করলেও বিয়ের আগে অবশ্যই আমি আমার বরকে বুঝতে এবং জানতে চাই।’

কথা হল মডেল এবং অভিনেত্রী মেহজাবিনের সাথে। ক্যারিয়ারের দিক থেকে অনেক দূর এগিয়ে গেলেও বয়স কম হওয়ায় বিয়ে নিয়ে না ভাবাটাই স্বাভাবিক তার জন্য। প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করতে চান? জিজ্ঞেস করলে তিনি জানান, ‘ক্যারিয়ার এবং বিয়ে মানুষের জীবনে দুটো দুরকম প্রভাব ফেলে। সেক্ষেত্রে ভাল ক্যারিয়ার পাওয়া থেকে ভাল বর পাওয়াটা বেশি দরকার। আর আমি আমার অর্নাসটা শেষ করে বিয়ে নিয়ে ভাবতে চাই।’ অভিনেতা ইমনের বিয়ে নিয়ে পরিকল্পনা কী? তিনি বললেন, ‘খুব শিগগিরই বিয়ে করে ফেলতে পারি। আবার অনেক দেরিও হতে পারে। পরিকল্পনা করে অনেক কিছু হলেও বিয়ে হয় না।’

বিয়ে নিয়ে বেশিরভাগ তারকাই যখন বর-কনে বাছাইয়ের ব্যাপারে খুব সচেতন তখন অভিনেতা নিরব বলেন অন্য কথা। তার মতে, ‘বেশি ভাল পেতে গিয়ে কম ভালোটাও হারাতে হয়। তাই বিয়ে নিয়ে আমি বেশি ভাবতে চাই না। ভাগ্যে যা আছে তাই হবে’।

বিয়ে নিয়ে অভিনেত্রী ভাবনার ভাবনা জানতে চাইলে তিনি জানান, ‘আমার বয়স অনেক কম। মাত্র অনার্স শুরু করলাম। এখন তো কোনভাবেই বিয়ের চিন্তা করব না। আগামী দশ থেকে পনেরো বছর পর আমি আমার বিয়ে নিয়ে ভাববো।’ সঙ্গীত শিল্পী কোনাল বলেন, ‘কবে বিয়ে করব সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমার বিয়েটা বাবা-মার উপরও নির্ভর করে না, আমার পছন্দের উপরও নির্ভর করে না, সময় হলেই হয়ে যাবে। এই সময়টা কবে হবে জানি না।’

আরও পড়ুন

সর্বশেষ