শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়বগুড়া পৌঁছেছেন বেগম খালেদা জিয়া

বগুড়া পৌঁছেছেন বেগম খালেদা জিয়া

বগুড়া প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)

বগুড়া পৌঁছেছেন বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাত ১০ টায় তিনি বগুড়ায় পৌছালে জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চানের নেতৃত্বে নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান।  বেগম জিয়ার সফর সঙ্গী হিসেবে আছেন , মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা, এম এ কাইয়ুম, শিরিণ সুলতানাসহ অন্যান্য নেতৃবৃন্দ। রাতে বগুড়া সার্কিট হাউসে অবস্থান করবেন তিনি। রবিবার সকালে রংপুরে অনুষ্ঠেয় জনসভায় যোগ দিতে রওনা করবেন তিনি।

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রংপুরে এ জনসভা অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখবেন খালেদা জিয়া। রংপুর জনসভায় সমন্বয়কের দায়িত্ব পালন করছেন দলের স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব) মাহবুবুর রহমান।

এর আগে গুলশানের বাসা থেকে শনিবার বিকেল ৩ টা ৫০ মিনিটে বেগম জিয়ার গাড়ি বহর রংপুরের জনসভায় যোগদানের উদ্দেশ্যে রওনা হয়। বিকেল সাড়ে ৫ টার দিকে বেগম খালেদা জিয়ার গাড়িবহর টঙ্গী পৌঁছায়। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী শ্লোগান তুলে ও ফুল ছিটিয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান। পরে পৌনে ৬ টার দিকে খালেদা জিয়ার গাড়িবহর চন্দ্রা চৌরাস্তা অতিক্রম করে। সেখানে গাজীপুর সিটি মেয়র অধ্যাপক এমএ মান্নানের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এরপর খালেদা জিয়া টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেন। এর আগে জেলার সফিপুরে খালেদা জিয়ার আগমণ উপলক্ষে তাকে স্বাগত জানানোকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হন। পুলিশ গিয়ে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রংপুরে ১৮ দলীয় জোটের বিভাগীয় মহাসমাবেশ শেষে আবার বগুড়া সার্কিট হাউজে ফিরে রাতযাপন করবেন। পরদিন ১৬ সেপ্টেম্বর সকালে তিনি বগুড়া থেকে সড়ক পথে রাজশাহী পৌছে বিকেলে ১৮ দলের মহাসমাবেশে যোগ দেবেন।

আরও পড়ুন

সর্বশেষ