চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)’র ইতিহাসে প্রথমবারের মত ঝুঁকিপূর্ণ ভবন ভাঙা হচ্ছে। গতকার বৃহস্পতিবার নগরীর সদরঘাট এলাকার পিকে সেন সড়কের ‘বড়ুয়া ভবন’ ভাঙার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়েছে। এর আগে বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে নোটিশ দিলেও নানা কারণে তা ভাঙতে পারেনি চসিক।
গত সোমবার করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে ভবনটি ভেঙ্গে ফেলার নির্দেশ দেন। এ সময় স্থানীয় কাউন্সিলর ও ভবন মালিকের অনুরোধে পরদিন মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ভবন থেকে সরে যেতে সময় বেঁধে দেয়া হয়।
কিন্তু এ সময়ের মধ্যে বাসিন্দারা সরে না যাওয়ায় গতকাল করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে দেয়। পরে ১২টার দিকে ভবনটির ছাদের অংশ থেকে ভাঙার কাজ শুরু করেন করপোরেশনের কর্মচারীরা। কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বলেন, সিডিএ’র তালিকা অনুযায়ী তিন মাস আগে বড়ুয়া ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেয়া হয়। গত সোমবারও ভাঙতে এসে তাদের অনুরোধের প্রেক্ষিতে সরে যেতে আরো একদিন সময় দেয়া হয়। তিনদিন পরও ভবন খালি না করায় কর্পোরেশনের পক্ষ থেকে ভবনটি ভাঙা হচ্ছে। পাঁচ তলার এই ভবনটির ওপরের দুটি তলা ভেঙে ফেলা হবে এবং ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।
এসময় করপোরেশনের স্থানীয় কাউন্সিলর দিদারুর রহমান লাবু, পুলিশ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।




