বান্দরবান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার কবলে পড়েছে রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। মঙ্গলবার ভোর থেকে পাহাড়ি ঢলে খরস্রোতা শিলক নদীর দু’পাড় প্লাবিত হয়ে রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের বন্যা পরস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
স্থানীয় বাসিন্দা ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার ফেসবুক স্ট্যাটাসে জানান, পদুয়ার রাজারহাট কোমর সমান পানিতে তলিয়ে গেছে। শিলক নদীর খুরুশিয়া ব্রিজ চরম ঝুঁকিতে। পশ্চিম খুরুশিয়া সড়কের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। এছাড়াও সুখবিলাস, ফলাহারিয়া, নাপিতপুকুরিয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে।
অ্যাডভোকেট নুরুচ্ছাফা তালুকদার সড়ক বিধ্বস্ত হয়ে শিলক নদীর পানিতে বিলীন হয়ে ধলিয়া খালের সাথে একাকার হয়ে গেছে। জয়নগর, সারাশিয়া, হরিহর এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পদুয়া, নারিশ্চা গ্রামের বাড়িঘরে পানি ঢুকে পড়ায় মানুষ ব্যাপক দুর্ভোগে পড়েছে। কালিন্দীরাণী সড়কের অনেক স্থানেই রাস্থার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ইউনিয়নের শত শত পুকুরের মাছ ভেসে গেছে, হাজার হাজার একর ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে ফুটব্রিজ-কালভার্টসহ গ্রামীণ অবকাঠামো। এলাকাবাসী চরম উৎকন্ঠায় রয়েছেন বলে জানান স্থানীয়রা।
রাজারহাটের ব্যবসায়ীরা জানান, পদুয়ায় স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছে। এত পানি এর আগে কখনো হয়নি। এলাকার মাছের ঘেরসহ নানা ক্ষয়ক্ষতি হয়েছে। পার্শ্ববর্তী বান্দরবানের পাহাড়ি ঢল শিলক খাল হয়ে এ বন্যা হয়েছে বলে জানান তিনি।




