সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে সাক্ষাৎ করেছেন চিটাগাং মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ। মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান, সহ–সভাপতি এ.এম. মাহবুব চৌধুরী এবং এম. এ. মালেক সৌজন্য সাক্ষাতে চট্টগ্রামের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী এবং কাউন্সিলর শৈবাল দাশ সুমন। বৈঠকে চেম্বার নেতৃবৃন্দ চট্টগ্রামকে আক্ষরিক অর্থে বাণিজ্যিক রাজধানী বাস্তবায়ন করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে বলে মেয়রকে জানানো হয়।
মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান বলেন, চট্টগ্রামকে আক্ষরিক অর্থে বাণিজ্যিক রাজধানী বাস্তবায়নের জন্য সিএমসিসিআই কিছু কর্মসূচি হাতে নিয়েছে। এসব বিষয় মেয়রকে অবহিত করেছি আমরা। এর সঙ্গে আর কী কী পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারেও আলাপ করেছি।




