ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, কোন ধানাই-ফানাই করে কাজ হবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই আগামী নির্বাচন দিতে হবে। সোজাভাবে না দিলে রাজপথের আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করা হবে। এজন্য দলমত নির্বিশেষে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে সর্বাত্নক আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাতে গুলশান কার্যালয়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতেই শ্রমিক নেতারা ফুলের তোড়া খালেদা জিয়ার হাতে তুলে দিয়ে তাকে স্বাগত জানান। খালেদা বলেন, বর্তমান সরকার সহজে ক্ষমতা ছাড়তে চাইবে না। এজন্য কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।
খালেদা জিয়া আরো বলেন, এখন ভেদাভেদ ভুলে এই জুলুমবাজ সরকারের হাত থেকে জনগণকে মুক্ত করতে হবে। তিনি জানান সময় মতো সর্বাত্মক আন্দোলনের ডাক দেয়া হবে।
জাতীয়তাবাদী শ্রমিকদল সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান সারোয়ার এমপি, শ্রমিক দলের কার্যকরি সভাপতি আবুল কাশেম চৌধুরী, সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।




