ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন জানিয়েছেন, গ্রামীণ ব্যাংকের ৭ সহযোগী প্রতিষ্ঠান বড় ধরনের কর অনিয়মের সাথে জড়িত। তিনি বলেন, প্রতিটি প্রতিষ্ঠানই আইন বহির্ভুতভাবে আয়কর সুবিধা নিয়েছে।
ডঃ ইউনুসের মুখপাত্র গ্রামীণ সেন্টারের বিবৃতিতে “তিনি কোন আইন ভঙ্গ করেননি” এর জবাবে বৃহস্পতিবার এনবিআর কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন। তিনি বলেন, কয়েকটি প্রতিষ্ঠানের আয় করযোগ্য হওয়া সত্বেও তারা করমুক্ত আয় ঘোষণা দিয়ে সরকারকে আয়কর প্রদান থেকে বঞ্চিত করেছে। প্রতিষ্ঠানগুলো হলো, গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশন, গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, গ্রামীণ কমিউনিকেশন্স, গ্রামীণ শক্তি, গ্রামীণ উদ্যোগ, গ্রামীণ ট্রাস্ট ও গ্রামীণ কল্যাণ।
এনবিআর চেয়ারম্যান বলেন, গ্রামীণ ব্যাংকের সাত সহযোগি প্রতিষ্ঠান কোন কর দেয় না। তারা আয়কর রিটার্নও দাখিল করে না। বেআইনিভাবে কর রেয়াত নেওয়ার অভিযোগের বিষয়ে গ্রামীণ ব্যাংকের সহযোগী সাত প্রতিষ্ঠানের দাবি সঠিক নয় বলে মন্তব্য করে গোলাম হোসেন বলেন, আলোচ্য সাতটি কোম্পানি যে বক্তব্য দিয়েছে তা সঠিক তথ্যনির্ভর নয়।
প্রসঙ্গত, গ্রামীণ ব্যাংকের সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পক্ষ থেকে বুধবার রাতে এক যৌথ বিবৃতিতে দাবি করা হয়, গ্রামীণ ব্যাংকের সহযোগী সাত কোম্পানির বিরুদ্ধে বেআইনি কর সুবিধা নেওয়ার যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিবৃতিতে বলা হয়, আলোচ্য কোম্পানিগুলো নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করেছে এবং নিয়ম অনুযায়ী কর প্রদান করেছে।
আইন লঙ্ঘন করে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে থাকাকালীন বিদেশ থেকে অর্থ আনার ক্ষেত্রে ইউনূস আয়কর ফাঁকি দিয়েছেন-এ অভিযোগে ইনূসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কয়েকদিন আগে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।




