ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ অপারেশন কার্যক্রমের আওতায় বুধবার সকাল পর্যন্ত ১৫টি ফ্লাইটে মোট ৬ হাজার ৫৫৫ জন হজযাত্রী জেদ্দা পৌঁছেছেন। এয়ারলাইন্সের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অক্টোবরের ৯ তারিখ পর্যন্ত হজ পূর্ব ফ্লাইটে মোট ৪৫ হাজার যাত্রী বিমানের প্যাসেঞ্জার ক্যারিয়ারে করে জেদ্দা যাবেন। বাংলাদেশ বিমান এ বছরই প্রথম হজ ফ্লাইটে বিজনেস ক্লাস এবং ২০ দিনের কম সময়ের মধ্যে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দেশে ফেরত আসার ‘শর্ট প্যাকেজ’ চালু করেছে। যাত্রীদের সুবিধার জন্য ১৬ সেপ্টেম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চট্টগ্রাম থেকে সাতটি এবং ১৯ সেপ্টেম্বর সিলেট অঞ্চলের যাত্রীদের জন্য দু‘টি ফ্লাইট পরিচালনা করবে। বাংলাদেশ থেকে চলতি বছর হজ পালনে যাচ্ছেন ৮৮ হাজার ৯১১ জন। আগামী ১৯ অক্টোবর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বিমানের ফিরতি ফ্লাইট চলবে।




