ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ বলেছেন বাংলাদেশ ভারত সীমান্তে ড্রোন মোতায়েনের বিষয়ে আমি কিছুই জানিনা। আমার কাছে এ বিষয়ে কোন প্রকার সরকারী তথ্য নেই। তিনি প্রত্রিকা এ খবর পত্রিকায় পড়েছেন বলে জানান। তবে সীমান্তের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। এটি করতে হলে দুই দেশের স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রী, বিজিবি ও বিএসএফ প্রধানসহ দুই দেশের সরকারী পর্যায়ে আলোচনা করতে হবে।
ত্রিপুরা যাবার সময় বুধবার সকালে আখাউড়া স্থল বন্দর পরিদর্শন করেছেন ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরন। এসময় নো ম্যান্স ল্যান্ডে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, সীমান্তে কোন প্রকার হত্যাকান্ডই কাম্য নয়। হোক সেটি বাংলাদেশী আর ভারতীয়। গত ২/৩ বছরে সীমান্ত হত্যা অনেক কমে এসেছে বলেও তিনি মন্তব্য করেন। সীমান্ত হত্যা কমিয়ে আনতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তবে এটি বন্ধ করতে হলে দুই দেশেরই সীমান্তে অবৈধ কার্যক্রম বন্ধ করতে হবে। এসময় তার সাথে ছিলেন ঢাকাস্থ হাই কমিশনের কাউন্সিলর চন্দ্রিমা রায়, ফার্স্ট সেক্রেটারী বিজয় সিলভার্স ও বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জউদ্দিন আহমেদ। বেলা এগারটায় তিনি ঢাকা থেকে সড়ক পথে আখাউড়া বন্দরে আসেন। এসময় তিনি স্থল বন্দরে শুল্ক বিভাগের সহকারী কমিশনার সহিদুল ইসলাম, বন্দর সুপারিনটেনডেন্ট আব্দূল হামিদসহ অন্যান্য কর্মকর্তাদের সাথে মিলিত হন। পরে তিনি বন্দরের অবকাঠমো ও বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। এরপর তিনি ত্রিপুরায় যান। সেখানে তিনি নির্মাণাধীন আগরতলা স্থলবন্দরের ইমিগ্রেশন ভবনের কাজের অগ্রগতি দেখে পরে ভারতীয় একটি আন্ত:মন্ত্রণালয়ের সভায় যোগ দেয়ার কথা রয়েছে। স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেমউদ্দিন বলেন, তারা এসেছেন বন্দরের অবকাঠামো পর্যবেক্ষণ করতে। প্রয়োজনে ভবিষ্যতে ফ্যাসিলিটি বাড়ানো যাবে কিনা তারা জানতে চেয়েছেন। তারা সন্তোষ প্রকাশ করেছেন।




