ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
লন্ডনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়। বুধবার রাত এগারটার দিকে ব্যক্তিগত ফেসবুক পেজে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন তিনি।
ফেসবুক স্ট্যাটাসে জয় বলেন, মঙ্গলবার জামায়াত-শিবিরের কতিপয় ক্যাডার আমাদের তথ্যমন্ত্রীর ওপর শারীরিক আক্রমণ চালিয়েছে। আমাদের বিরোধী দলের পক্ষ থেকে আরো একটি লজ্জাজনক আচরণ। একজন মন্ত্রীর ওপর হামলা, তা-ও বিদেশের মাটিতে, অকল্পনীয়।
জয় বলেন, এটি বিএনপি-জামায়াতের চার দলীয় জোট সরকারের আমলে সংঘটিত সকল হামলার কথা স্মরণ করিয়ে দেয়। আ’লীগ নেতা আহসানুল্লাহ মাস্টার, ড. কিবরিয়া, আইভী রহমানের হত্যাকাণ্ড এবং অবশ্যই আমার মায়ের ওপর ২১ আগস্টের গ্রেনেড হামলা। একটু কল্পনা করুন, এরা আবার ক্ষমতায় এলে কী করবে।
এ ধরনের সন্ত্রাসীদের দেশ থেকে দূর করতে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তনয় জয়।




