শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়আদিলুর রহমান খান জেলহাজতে; মুক্তির দাবিতে অ্যামনেস্টির বিবৃতি

আদিলুর রহমান খান জেলহাজতে; মুক্তির দাবিতে অ্যামনেস্টির বিবৃতি

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

বাংলাদেশের বেসরকারি মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর সম্পাদক ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদিলুর রহমান খানকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার খান হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তাকে পূর্বে দেয়া রিমান্ড আদেশ বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বিকাল ৩টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের পরিদর্শক আশরাফুল ইসলাম আদিলুরকে সিএমএম কোর্টে হাজির করে তাকে কারাগারে পাঠানোর জন্য আবেদন করেন।

প্রসঙ্গত, সোমবার হাইকোর্ট আদিলুর রহমানের রিমান্ড স্থগিত করে। একই সঙ্গে ভবিষ্যতেও তাকে রিমান্ডে না নেয়ার নির্দেশ দেয়া হয়। প্রয়োজনে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে আদেশে বলা হয়েছে।

এদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের মানবাধিকার সংগঠক আদিলুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে। সোমবার প্রকাশিত ব্রিটেনভিত্তিক এ মানবাধিকার সংস্থার এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উদ্বেগ প্রকাশ করে বলেছে, ‘বাংলাদেশের বিশিষ্ট মানবাধিকার রক্ষক ‘অধিকার’-এর সেক্রেটারি আদিলুর রহমান খানকে গ্রেফতার মত প্রকাশের স্বাধনীতার সুস্পষ্ট লঙ্ঘন।

গত ১০ আগস্ট কোনো ধরনের গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই আদিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে অ্যামনেস্টি বলেছে, বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর হাতে কথিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি শান্তিপূর্ণভাবে চ্যালেঞ্জ করার কারণেই তাকে আটক করা হয়েছে।

বিবৃতিতে অ্যামনেস্টির বাংলাদেশ বিষয়ক গবেষক আব্বাস ফায়েজ বলেছেন, আদিলুর রহমান খানকে গ্রেফতারের মাধ্যমে সরকার তার বিরোধীদের ওপর প্রকাশ্যে নির্যাতন করছে।

আদিলুর রহমানকে দ্রুত ‘নিঃশর্ত মুক্তি’ দেয়ার দাবি জানিয়ে বিবৃতিতে অ্যামনেস্টি বলেছে, মানবাধিকারকর্মীদের শাস্তি না দিয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের উচিত, মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর তদন্ত করা এবং দোষীদের বিচারের মুখোমুখি করা।

অ্যামনেস্টি জানায়, গত ৫ ও ৬ মে হেফাজত ইসলামের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর অভিযানের সমালোচনা করছিল মানবাধিকার সংগঠন ‘অধিকার’। ওই ঘটনায় ৪৪ জন হেফাজতকর্মী, দুই পুলিশ কর্মকর্তা এবং এক বিজিবি সদস্য নিহত হন।

আব্বাস ফয়েজ বলেন,মতিঝিলের  নিহত হওয়ার ঘটনা তদন্ত না করে  সরকার তথ্য সরবরাহকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এ ঘটনার মাধ্যমে বর্তমান সরকার জাতিসংঘ মানবাধিকার রক্ষার বিষেয়ে বাংলাদেশের অঙ্গীকারকে বিদ্রুপ করছে বলেও উল্লেখ করেছে অ্যামনেস্টি।

এর আগে  নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ, এশিয়ান ফেডারেশন এগেনস্ট ইনভলান্টারী ডিজএপিয়ারেন্সেস,  এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস,  যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সংগঠন  আলাদা বিবৃতিতে আদিলুর রহমানের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেছে।

গত শনিবার রাতে রাজধানীর গুলশান থেকে আদিলুরকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার ঢাকা মহানগর হাকিম  তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করলেও পরদিনই হাইকোর্ট এ রিমান্ড আদেশ স্থগিত ঘোষণা করে দেয়।

আরও পড়ুন

সর্বশেষ