শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......হাতিরঝিলে উপচেপড়া ভিড়

হাতিরঝিলে উপচেপড়া ভিড়

রাজধানীবাসীর জন্য বর্তমান সরকারের অন্যতম উপহার হাতিরঝিল নগরবাসীর বিনোদনের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল ঈদের দিনে। তাই ঈদের ছুটিতে রাজধানী প্রায় ফাঁকা হয়ে গেলেও উপচেপড়া ভিড় দেখা গেছে হাতিরঝিলে। আর এ ভিড়ের প্রভাবে রামপুরা কাঁচাবাজার থেকে মেরুল বাড্ডা পর্যন্ত লম্বা যানজটও সৃষ্টি হয়।

ঘড়ির কাঁটায় তখন বিকেল সাড়ে চারটা। রাজধানীর অন্যান্য স্থানের মতো হাতিরঝিলও মোটামুটি ফাঁকা থাকলেও এর পরপরই ছুটিতে ঢাকায় থেকে যাওয়া মানুষেরা দল বেঁধে এখানে আসতে শুরু করেন। দেখতে দেখতে সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যেই মানুষে পরিপূর্ণ হয়ে উঠে পুরো এলাকা। রাত সাড়ে নয়টা পর্যন্ত এ ভিড় লক্ষ্য করা গেছে। এরপর ধীরে ধীরে মানুষের ঢল কমতে থাকে।

এদিকে, হাতিরঝিলে মানুষের উপচেপড়া ভিড়ের প্রভাব পড়েছে রামপুরা কাঁচাবাজার থেকে মেরুল বাড্ডা পর্যন্ত। পুরো এলাকা জুড়ে দীর্ঘ যানজট তৈরি হয়েছে ঈদের দিনেও, যা দেখে বোঝার উপায় নেই যে ছুটিতে রাজধানী প্রায় ফাঁকা।

রামপুরার অধিবাসী দ্বাদশ শ্রেণীর ছাত্রী বিথী আক্তার সন্ধ্যায় মা ও দুই ভায়ের সঙ্গে ঘুরতে আসেন হাতিরঝিল। মানুষের প্রচণ্ড ভিড় দেখে অনেকটাই অবাক তারা। বিথী জানান, রাজধানীর অন্যতম সুন্দর স্থান হাতিরঝিল। আর হাতিরঝিল হওয়ার পর এবারই প্রথম ঈদ।

তিনি বলেন, ‘ঈদের ছুটি, তাই ভেবেছিলাম হাতিরঝিল এলাকা অনেকটা ফাঁকা থাকবে। কিন্তু এখানে এসে দেখছি ভিন্ন চিত্র। অন্যান্য সময়ের চেয়ে আজ এখানে মানুষের ভিড় অনেক বেশি।’ তবে তারপরও তারা হাতিরঝিলের সৌন্দর্যে মুগ্ধ বলে জানান।

একই অনুভূতি ব্যক্ত করেন রাজধানীর মিরপুর থেকে আসা আরিফুল ইসলাম। তিনি  বলেন, ‘হাতিরঝিলের গল্প অনেক শুনেছি, কিন্তু কখনো আসা হয়নি। ঈদের ছুটি, রাজধানী ফাঁকা তাই হাতিরঝিল এসেছি। কিন্তু এখানে এসে মনে হচ্ছে রাজধানী থেকে যাওয়া সব মানুষ যেনে এখানেই ভিড় করেছেন।’

হাতিরঝিল ও এর আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, ঈদ উপলক্ষে বেশ পরিপাটি করে সাজানো হয়েছে পুরো প্রকল্প। এলাকাজুড়ে লাইটিংয়ের সঙ্গে দুই পাশের রাস্তার সঙ্গে সংযোগ স্থাপন করা ব্রিজ ও ওভারব্রিজগুলোতে লাগানো হয়েছে টিপটপ লাইট। ফলে মানুষের আধিক্য সত্ত্বেও সন্ধ্যার পর পুরো প্রকল্প এলাকা নয়নাভিরাম হয়ে ওঠে।

এর মধ্যে দল বেঁধে আসা বন্ধুবান্ধব ও ঘুরতে আসা বিভিন্ন পরিবারকে গল্পগুজবের মধ্য দিয়ে ঈদের আমেজ উপভোগ করতে দেখা যায়।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে এক হাজার ৯৭১ কোটি টাকা ব্যয়ে নির্মিত রামপুরা-বাড্ডা সংলগ্ন হাতিরঝিল প্রকল্প নগরবাসীর জন্য খুলে দেওয়ার পর থেকেই তা বিনোদনের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। যে কোনো উৎসব কিংবা বিশেষ দিনেই এখানে নগরবাসীর ভিড় লক্ষ্য করা যায়। যা মাত্রা ছাড়িয়ে গেছে হাতিরঝিলের এবারের প্রথম ঈদে।

আরও পড়ুন

সর্বশেষ