ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ছয় নম্বর চরকিং ইউনিয়নের জাহাজমারা-নলচিরা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পিলারের সাথে ধাক্কা লেগে রাজিব (২৩) নামে এক কলেজ ছাত্র মারা গেছে।
শুক্রবার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় শাকিল (২২) নামে অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।
নিহত রাজিব হাতিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীরের ছেলে। সে নোয়াখালী সরকারী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্থানীয়রা জানান, শুক্রবার ঈদের দিন বিকেলে রাজিব ও শাকিল মোটরসাইকেলে করে তাদের আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে উপজেলার চরকিং ইউনিয়নের খাসেরহাট বাজারের জাহাজমারা-নলচিরা সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। সড়কের নিরাপত্তা পিলারের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন রাজিব।
পরে লোকজন আহত অবস্থায় রাজিব ও শাকিলকে ট্রলারে করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে উপজেলার চেয়ারম্যান ঘাটের কাছে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজিবের মৃত্যু হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম সংবাদটি নিশ্চিত করেছেন।




