ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
ঈদ-উল-ফিতরেও পর্যটকশূন্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। জামায়াতের ডাকা টানা ৪৮ ঘন্টার হরতালের কারণে এবারের ঈদে পর্যটন নগরীতে আসেনি পর্যটকরা। ফলে কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা চরম হতাশায় ভুগছেন। কক্সবাজার প্রতিনিধি সুজা উদ্দিন রুবেলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন।
প্রতিবছর হাজার হাজার দেশি-বিদেশি পর্যটকে মুখরিত থাকে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কক্সবাজার। কিন্তু এবার পৃথিবীর দীর্ঘতম এ সমুদ্র সৈকতে পর্যটক নেই বললেই চলে।
ঈদের সময়ে কক্সবাজারে প্রায় দেড় লাখ পর্যটক বেড়াতে আসেন। কিন্তু এবার পর্যটকশূন্যতার কারণে পর্যটন ব্যবসায়ের সঙ্গে সম্পৃক্ত প্রায় সবাই বিপাকে পড়বেন বলে আশংকা করা হচ্ছে।
পর্যটন ব্যবসায়ের সঙ্গে জড়িতদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদ উপলক্ষে এবারও প্রায় ৪শ’ হোটেল-মোটেল ও গেস্টহাউস অনেক আগেই অগ্রিম বুকিং হয়ে যায়। কিন্তু হুট করে জামায়াতে ইসলামীর হরতাল ঘোষণার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি পাল্টে যায়। পর্যটকরা তাদের আসা-যাওয়ার ব্যাপারে নিরাপত্তাহীনতার অজুহাত দেখিয়ে বুকিং বাতিল করতে শুরু করেন। এতে হতাশ হয়ে পড়েন পর্যটন ব্যবসায়ের সঙ্গে জড়িত সবাই।




