ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করে বলেছেন, ‘তারেক রহমান নেতৃত্বে এলে সৃষ্ট জনজোয়ারে আওয়ামী লীগ খড়কুটোর মতো ভেসে যাবে; তাদের আর খুঁজে পাওয়া যাবে না। এজন্য তারেককে নিয়ে তাদের এত ভয়।’রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় এর কটূক্তির প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি এ প্রতিবাদ সভার আয়োজন করে।মির্জা ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ আগামী জাতীয় নিবার্চন নিয়ে নাটক করছে। তারা বলেছে, তারা আবারও ক্ষমতায় যাবে এবং সে তথ্য এখন তাদের কাছে আছে। কিন্তু কিভাবে ক্ষমতায় যাবে-সেটা তারা বলেনি। তবে বাস্তবতা হল- ক্ষমতাসীন আওয়ামী সরকারের জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকায় আগামী নির্বাচনে তাদের জয়ের সম্ভাবনা নেই।তিনি বলেন, আওয়ামী লীগ আগামী নিবার্চনে জনগণের বিজয় ছিনিয়ে নিতে নানা কলাকৌশল করছে। কারণ, তাদের দলে অভিনেতার অভাব নেই।বিএনপির এ ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘সরকার তারেক রহমানকে ব্যাপক ভয় পায়। কারণ, তিনি নেতৃত্বে এলে যে জনজোয়ারের সৃষ্টি হবে তাতে এ স্বৈরাচারী সরকার খড়কুটোর মতো ভেসে যাবে।বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুবদল সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-দফতর সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা প্রমুখ।




