শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়গণমাধ্যমের গায়ে হাত তোলা অমার্জনীয় অপরাধ: ইনু

গণমাধ্যমের গায়ে হাত তোলা অমার্জনীয় অপরাধ: ইনু

গণমাধ্যমের গায়ে হাত তোলা অমার্জনীয় অপরাধ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের প্রথম অধিবেশন শেষে এ মন্তব্য করেন তিনি।
ইনু বলেন, ‘সাংবাদিক মারধরের ঘটনায় সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে আদালতের বারান্দায় দাঁড় করানোর মধ্য দিয়ে গণমাধ্যমের প্রতি সরকারের ‘শ্রদ্ধা’ প্রকাশ পেয়েছে। আশা করি, আইনের শাসন প্রতিষ্ঠায় আপনারা সাহায্য করবেন।’
তিনি বলেন, ‘সংবাদ কর্মীদের গায়ে হাত তোলা অমার্জনীয় অপরাধ। এ অপরাধের সঙ্গে যেই যুক্ত হোক-মন্ত্রী হোক আর এমপি হোক-আদালতের বারান্দায় তাকে দাঁড়াতেই হবে।’
উল্লেখ্য, গত ২০ জুলাই দুপুরে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় এমপি গোলাম মাওলা রনির অফিসে ইনডিপেনডেন্ট টিভির সাংবাদিক ইমতিয়াজ মমিন সনি ও ক্যামেরাম্যান মহসিন মুকুলকে মারধর করা হয়। এর মধ্যে আহত মুকুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
অপরাধবিষয়ক অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘তালাশ’ এর সংবাদ সংগ্রহের জন্য তারা সেখানে গিয়েছিলেন।
সাংবাদিক পেটানোর ঘটনায় ওইদিনই টেলিভিশনটির সহকারী ব্যবস্থাপক ইউনুছ আলী বাদী হয়ে শনিবার বিকেলে একটি মামলা করেন।
অন্যদিকে, এমপি রনিও পাল্টা অভিযোগ এনে ইনডিপেনডেন্ট টেলিভিশনের অন্যতম মালিক ব্যবসায়ী সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা করেন।
রনি রোববার বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেও টেলিফোনে হুমকির অভিযোগে ইনডিপেন্ডেন্ট কর্তৃপক্ষ একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পর বুধবার জামিন বাতিল করে রনিকে গ্রেপ্তারের নির্দেশ দেন আদালত।
এর দুই ঘণ্টার মাথায় গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পটুয়াখালীর এ সংসদ সদস্যকে গ্রেপ্তার করে।
২০০৮ সালে আওয়ামী লীগের টিকেটে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন গোলাম মাওলা রনি।
আরও পড়ুন

সর্বশেষ