শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদটপসাংসদ রনি আদালতে

সাংসদ রনি আদালতে

সাংবাদিক পেটানোর ঘটনায় হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে আদালতে নেয়া হয়েছে।
গতকাল বুধবার রাজধানীর বাড্ডা থেকে সাংসদ রনিকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাদা রঙের একটি গাড়ি তাকে নিয়ে মুখ্য মহানগর হাকিম আদালতে পৌঁছে।
মহানগর হাকিম এসএম আশিকুর রহমানের আদালতে তার মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
আদালত সূত্র জানায়, সাংসদ রনিকে নিয়ে ডিবির গাড়িটি আদালতে পৌঁছালে বিক্ষুব্ধ লোকজন গাড়িটি ঘিরে ধরে রনির বিরুদ্ধে স্লোগান দেয়।
রনি পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য।
গত শনিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় নিজ কার্যালয়ের সামনে ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিবেদক ইমতিয়াজ মমিন সনি ও ক্যামেরাপার্সন মহসিন মুকুলকে মারধর করেন রনি।
এ ঘটনায় শনিবার রাতেই রনির বিরুদ্ধে শাহবাগ থানায় হত্যাচেষ্টার মামলা করেন টেলিভিশনটির সহকারী ব্যবস্থাপক ইউনূস আলী। এই মামলায় রোববার আদালতে হাজির হয়ে জামিন পান সাংসদ রনি।

ওই জামিন বাতিলে গত সোমবার আবেদন করেন ইউনূস। আবেদনের শুনানি শেষে গতকাল বুধবার দুপুরে সাংসদ রনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

মারধরের ঘটনায় গত রোববার এক মানববন্ধন থেকে তার গ্রেফতার এবং সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানান গণমাধ্যমকর্মীরা। এছাড়া তাকে বর্জন করতে বেসরকারি টেলিভিশন স্টেশনগুলোর প্রতিও আহ্বান জানানো হয় গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে।
রনির সাংবাদিক পেটানোর ঘটনায় তার দল আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছেন বলে জানিয়েছেন দলটির নেতারা। রনিকে আগামী সংসদ নির্বাচনে দলের মনোনয়ন দেয়া হবে না বলেও জানিয়েছেন তারা।

আরও পড়ুন

সর্বশেষ