ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট চলছে দক্ষিণ পশ্চিমাঞ্চলে। কোন ঘোষণা ছাড়াই শনিবার রাত ৮টা থেকে শুরু হয়েছে এ ধর্মঘট।
এদিকে আজ রোববার বিভিন্ন দাবি আদায় নিয়ে শ্রমিকরা রাস্তা অবরোধ ও পরিবহন কাউন্টার বন্ধ করে দিলে মালিকরা গাড়ি চলাচলা বন্ধ করে দেয়। তবে দুপুরে যশোরের চাঁচড়া শ্রমিক ভবনে ধর্মঘট সংক্রান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মোর্ত্তজা হোসেন বলেন, পরিবহণ ধর্মঘট হওয়ায় খুলনা, সাতক্ষীরা, নড়াইল, যশোরসহ দক্ষিণ পশ্চিমের বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
শ্রমিক নেতা হারুণ অর রশিদ ফুলু বলেন, ‘দীর্ঘদিন ধরে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় কমিটির ব্যানারে আন্দোলন করে আসছিলেন। এরই প্রেক্ষিতে মালিকরা ১৫ জুলাইয়ের মধ্যে দাবি পূরণের আশ্বাস দেন। কিন্তু তারা প্রতিশ্রুতি রাখেননি।’
এজন্য শনিবার সন্ধ্যায় বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসেসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ঈগল পরিবহনের সত্ত্বাধিকারী পবিত্র কাপুড়িয়াকে বিষয়টি জানানো হয়। কিন্তু তিনি কোনো সমাধান দিতে না পারায় শ্রমিকরা ফের আন্দোলনে নামে। তখন মালিকরাও ঘোষণা ছাড়াই দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে কোনো পরিবহন চলবে না বলে ঘোষণা দেন।
এদিকে ঈদের আগে পূর্ব ঘোষণা ছাড়াই পরিবহন ধর্মঘট ডাকায় চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। তারা ঢাকাসহ বিভিন্ন স্থানে যেতে টিকিট কাটলেও পরিবহন চলাচল না করায় চরম বিপাকে পড়েছেন।




