বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেন, অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা করুন। নইলে নিজেরাই সংবিধান সংশোধন করে আগে যেমন ছিল সেভাবে এই ব্যবস্থা পুনর্বহাল করুন। কারণ দলীয় সরকারের অধীনে দেশে কোনো নির্বাচন হবে না, হতে দেয়া হবে না।
রোববার জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গনে ঢাকা মহানগর বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, ‘দেশের পরিবর্তন আসতে হবে। এই সরকারেকে বিদায় করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই দেশে শান্তি ফিরে আসবে।’
বিএনপি আলোচনা ও শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করে বলেও দাবি করেন তিনি।
সরকার নির্বিচারে মানুষ হত্যা করছে এমন অভিযোগ করে তিনি বলেন, “এ সরকারের হাত থেকে রক্ষা পেতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে।”
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ।




