শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়দাবি না মানলে মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় ঘেরাও

দাবি না মানলে মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় ঘেরাও

প্রমোশনে সর্বনিম্ন গ্রেড বাতিলের দাবি না মানলে আগামী মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় ঘেরাও করার হুমকি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছে শিক্ষার্থীরা।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সৃজনশীল পদ্ধতির ভুক্তভোগী শিক্ষার্থীবৃন্দের ব্যানারে সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ কর্মসূচি দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন আন্দোলন পরিচালনা কমিটির আহ্বায়ক কবি নজরুল কলেজের ছাত্র সালাউদ্দিন আহমেদ, ঢাকা কলেজের ছাত্র মিজানুর রহমান, ইডেন কলেজের ছাত্রী তানিয়া আলমসহ রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তারা ‌বলেন, প্রমোশনে নির্ধারিত সর্বনিম্ন গ্রেড পয়েন্ট (প্রথম বর্ষে ১.৭৫/২য় বর্ষে ২.০০/ ৩য় বর্ষে ২.২৫) বাতিল করতে হবে। বর্তমান শিক্ষা আয়োজনে অটো প্রমোশন বাতিল করা যাবে না।
এক বিষয়ে পাশ করলে প্রমোশন দিয়ে স্পেশাল মানোন্নয়ন পরীক্ষার ব্যাবস্থা করার দাবি জানানো হয়।
সালাউদ্দীন আহমেদ বলেন, ‘সারা দেশের সব কলেজে গড়ে অর্ধেকের বেশি শিক্ষার্থীর ফলাফল ‘নট প্রমোটেড’ দেখা গেছে। অর্থনীতি, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের ছাত্রদের অবস্থা আরো ভয়াবহ। এসব বিভাগের ছাত্রদের দুই-তৃতীয়াংশের বেশি শিক্ষার্থী চলতি বছর ইয়ার লসের স্বীকার হচ্ছে।’
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
তিনি আরও বলেন, ‘প্রথম ব্যাচে আটো প্রমোশন দিয়ে ফল বিপর্যয় আড়াল করা হয়েছে। এবার কর্তৃপক্ষ আটো প্রমোশন বাতিল করেছে। ফলে আমরা বুঝলাম ‘সৃজনশীল পদ্ধতি’ একটি বিষবৃক্ষ। আমরা ছাত্রসমাজ আন্দোলনে নেমেছি। বছর বছর একই সংকট বয়ে বেড়ানো শিক্ষার্থীদের পক্ষে সম্ভব নয়। প্রমোশনে নির্ধারিত সর্বনিম্ন গ্রেড পয়েন্ট বাতিল করতে হবে। প্রশাসন ও সরকারের ব্যর্থতার ভার শিক্ষার্থীরা বহন করবে না।’
আরও পড়ুন

সর্বশেষ