ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, ক্ষমতায় গেলে নতুন ধারার সরকার ব্যবস্থা গড়ে তুলব।ঈদের পর সরকার পতনের আন্দোলনে সবার সহযোগিতা চাই।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার এলডি হলে বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে ইফতার করেন বিরোধী দলীয় নেতা। ইফতারে সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র, কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ অংশ নেন।
পাঁচ সিটি করপোরেশনের মেয়রদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সঙ্গে মিশে তাদের কল্যাণে কাজ করবেন। আপনাদের ন্যায্য দাবি এবং মর্যাদা আমরা আগামীতে দেবো’।
মহাজোট সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন বলেন, এই সরকারের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে। এই সরকারের অধীনে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা এই অত্যাচারী, জুলুমবাজ সরকারের পরিবর্তন চাই।
স্থানীয় সরকার প্রতিনিধিদের সকলকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে যাতে করে বিশ্বের দরবারে সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তোলা যায়।




