রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েবাংলাদেশ-রাশিয়ার সম্পর্ক ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে

বাংলাদেশ-রাশিয়ার সম্পর্ক ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে

বাংলাদেশের উন্নয়নে রাশিয়া সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির বিদায়ী রাষ্ট্রদূত আলেকজান্দার এ নিকোলায়েভ।৩ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎকালে তিনি এ কথা জানান। রাষ্ট্রদূত তার চার বছর দায়িত্ব পালনের সময় বাংলাদেশ-রাশিয়া সম্পর্ক এগিয়েছে উল্লেখ করে বলেন, ২০১৩ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাশিয়া সফর দু’দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে। বাংলাদেশ-রাশিয়ার সম্পর্ক ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে তিনি পারস্পরিক সাংস্কৃতিক সহযোগিতা আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাণিজ্য, অর্থনীতি, বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতার বিষয়ে প্রস্তাবিত আন্তঃসরকার কমিশনের ওপরও গুরুত্বারোপ করেন নিকোলায়েভ।

সাক্ষাতে প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়ার ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশ গঠনে রাশিয়ার ভূমিকা বিশেষ করে চট্টগ্রাম বন্দরকে মাইনমুক্ত করার কথাও উল্লেখ করেন। এ সহযোগিতার জন্য রাশিয়ার জনগণের প্রতি বাংলাদেশের জনগণের শ্রদ্ধার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধে যারা আমাদের পাশে ছিলেন তাদের সবসময় আমরা স্মরণ করি। দু’দেশের পারস্পরিক সম্পর্ক অব্যাহত রেখে তা নতুন উচ্চতায় নিয়ে নেওয়া যেতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশ ও রাশিয়ার পারস্পরিক বাণিজ্য বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি মনে করেন, দ্বি-পাক্ষিক বাণিজ্য আরও বাড়ানোর প্রচুর সুযোগ রয়েছে। এছাড়া, রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সহযোগিতার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান তিনি। একইসঙ্গে রাষ্ট্রদূতের মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শুভেচ্ছাও জানান শেখ হাসিনা।

আরও পড়ুন

সর্বশেষ