কক্সবাজারের টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার নতুন ট্রানজিট ঘাট এলাকা থেকে এক লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে এসব ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তি কাউকে আটক করতে পারেনি বিজিবি। টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আবুজার আল জাহিদ বলেন, নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে বলে জানতে পারে বিজিবি। এই তথ্যের ভিত্তিতে ভোরে টেকনাফ সদর বিজিবির একটি দল নতুন ট্রানজিট ঘাট এলাকায় অভিযানে যায়। এ সময় ঘাটের পাশের বেড়িবাঁধ এলাকা দিয়ে দুজন লোককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। তখন থামতে সংকেত দিলে একটি ব্যাগ ফেলে তারা দৌড়ে পাশের প্যারাবনের ঢুকে পালিয়ে যায়। পরে ওই ব্যাগের ভেতর থেকে এসব ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
আবুজার আল জাহিদ বলেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ফেলে যাওয়া ব্যাগ থেকে প্রায় এক লাখ ইয়াবা বড়ি উদ্ধার হয়েছে। এর আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা। ইয়াবা বড়িগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।




