বেতন-বোনাসের দাবিতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার চা বোর্ডের সামনে সড়ক অবরোধ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। সিজার অ্যাপারেলস লিমিটেডের প্রায় পাচ’শ শ্রমিক শনিবার দুপুর আড়াইটা থেকে ষোলশহর দুই নম্বর গেইট-অক্সিজেন সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
শিল্প পুলিশের পরিদর্শক (গোয়েন্দা) আরিফুর রহমান জানান, প্রতিমাসে ঠিকমতো বেতন পরিশোধ করে পোশাক কারখানাটি। এ মাসের বেতন ১২-১৩ তারিখ পরিশোধের কথা ছিল। কিন্তু শ্রমিকরা আজকে(শনিবার) পরিশোধের দাবি জানান। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে কারখানার প্রোডাকশন ম্যানেজারের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। প্রথমে কারখানার ভেতরে বিক্ষোভ করলেও পরে শ্রমিকদের সঙ্গে প্রোডাকশন ম্যানেজার খারাপ আচরণ করেছে অভিযোগ এনে রাস্তায় নেমে পড়ে তারা। তিনি বলেন,‘শিল্প পুলিশ ও নগর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বুঝানোর চেষ্টা করছে। মালিক পক্ষের সঙ্গেও যোগাযোগ করে সমাধানের চেষ্টা চালানো হচ্ছে। পোশাক শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানান বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল চন্দ্র বণিক।




