ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা বলেছেন, আসন্ন মেয়র নির্বাচনে তিনি অংশ নিতে আগ্রহী নন। তবে দল চাইলে নির্বাচন করবেন। ব্যক্তিগত চিকিৎসা করাতে খোকা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক সাংবাদিক সম্মেলনে খোকা এসব কথা বলেন।
বিএনপির এই ভাইস প্রেসিডেন্ট অভিযোগ করেন, বর্তমান সরকার চলমান আন্দোলনে ভীত হয়ে এই আন্দোলনকে ভিন্ন পথে প্রবাহিত করার লক্ষ্যেই সিটি করপোরেশনের নির্বাচনের আয়োজন করেছে। চলতি সরকারের অধীনে গাজীপুরসহ পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে বিএনপির সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন উল্লেখ করে খোকা বলেন, ‘নির্বাচন যদি সুষ্ঠুভাবে পরিচালিত হয়, তাহলে বিএনপি জিতবে, এতে আমাদের কোনো সন্দেহ নেই।’ দলের পক্ষ থেকে তাঁকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হলে তিনি নির্বাচন করবেন কি না-এমন প্রশ্নের জবাবে খোকা বলেন, তাঁর আপত্তির কথা দলের নেতাদের তিনি বুঝিয়ে বলার চেষ্টা করবেন। এর পরও যদি তাঁকে নির্বাচনে অংশ নিতে বলা হয়, দলের বৃহত্তর স্বার্থে তিনি সে সিদ্ধান্ত মেনে নেবেন।




