বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা গ্যাটকো দুর্নীতি মামলা সচল করতে দুদকের করা আবেদনের শুনানীর জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার সকালে প্রাথমিক শুনানী গ্রহণ শেষে এ দিন ধার্য করেন।আদালতে দুদকের পক্ষে শুনানী করেন খুরশীদ আলম খান। অপরদিকে খালেদার পক্ষে শুনানী করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।প্রায় ৭ বছর পর খালেদার বিরুদ্ধে গ্যাটকো মামলা সচলের উদ্যোগ হিসেবে হাইকোর্টে আবেদন করে দুদক।খালেদার বিরুদ্ধে করা মামলাটি কেন অবৈধ ও কর্তৃত্ববহির্ভূত নয় মর্মে হাইকোর্টের জারি করা রুলের শুনানীর জন্য আবেদন করে দুদক।বহুল আলোচিত গ্যাটকো দুর্নীতির মামলায় গত ২৭ জানুয়ারি নতুন আইনজীবী নিয়োগ দেয় দুদক। সংস্থার প্যানেল আইনজীবী খুরশিদ আলম খানকে এই মামলার আইনজীবী নিযুক্ত করা হয়। এ মামলায় দুদকের আইনজীবী আনিসুল হক আইনমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে মামলাটির আইনজীবীর পদ শূন্য ছিল।দুদক জানায়, চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ গ্যাটকো কোম্পানিকে পাইয়ে দিয়ে সরকারের এক হাজার কোটি টাকা ক্ষতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৩ জনকে আসামি করে মামলা করে দুদক। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন। পরে উপপরিচালক জহিরুল হুদা তদন্ত করে চারদলীয় জোট সরকারের সাবেক নয়জন মন্ত্রীসহ ২৫ জনকে আসামি করে ২০০৮ সালের ১৩ মে আদালতে অভিযোগপত্র জমা দেন।মামলার আসামিদের মধ্যে সাবেক মন্ত্রী সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া ও আকবর হোসেন মারা যাওয়ায় তাঁদের নাম আসামি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আরেক আসামী কোকো গত মাসে মালয়েশিয়ায় মারা যান।শুনানীর পর হাইকোর্ট রুলটি নিশ্চিত করলে খালেদার বিরুদ্ধে মামলাটি বাতিল হবে। আর রুলটি বাতিল করলে খালেদার বিরুদ্ধে মামলা চলতে বাধা থাকবে না।



