বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন রেকর্ড সৃষ্টি করেছে। দেশের ৪৩ বছরের ইতিহাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সব রেকর্ড ভঙ্গ করে ২২ দশমিক ৩৭ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য জানিয়েছে।এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক অনুষ্ঠানে গভর্নর বলেন, এখন পর্যন্ত সর্বোচ্চ রিজার্ভ হল ২২ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার দিন শেষে এটি ছাড়িয়ে নতুন মাইলফলকে পৌঁছাবে দেশের রিজার্ভ। যা দিয়ে কমপক্ষে সাত মাসের আমদানি ব্যয় চালানো সম্ভব হবে।চলতি অর্থবছরে প্রবৃদ্ধির হার সাড়ে ৬ শতাংশ ছাড়িয়ে যাবে বলেও আশা প্রকাশ করেছেন ড. আতিউর রহমান।গভর্নর আরো বলেন, দেশের উত্তরাঞ্চল, চর, হাওড় ও নদী ভাঙন এলাকার হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছে। এ সব শীতার্ত গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে বরাবরের মতো এবারও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এবং সমাজের বিত্তবান মানুষ এগিয়ে আসবেন বলে আমি আশা করছি।



