ঈদুল আজহা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর থেকে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। দেওয়া হবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আজ মঙ্গলবার সকালে রেলভবনে এক সংবাদ ব্রিফিংয়ে রেলমন্ত্রী মুজিবুল হক এই তথ্য জানান। ঈদ প্রস্তুতি উপলক্ষে এই ব্রিফিং করা হয়। ব্রিফিংয়ে বলা হয়, ২৬ সেপ্টেম্বর বিক্রি হবে ১ অক্টোবরের অগ্রিম টিকিট। ২৭, ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বরে দেওয়া হবে যথাক্রমে ২, ৩, ৪ ও ৫ অক্টোবরের টিকিট। সব আন্তনগর ট্রেনের টিকিটের ২৫ শতাংশ অনলাইন ও মোবাইলে দেওয়া হবে। ৩ অক্টোবর থেকে বিক্রি হবে ঈদ পরবর্তী ফিরতি টিকিট। এ ছাড়া ঈদ উপলক্ষে পাঁচটি বিশেষ ট্রেন চলবে। ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, ঈদ ও পূজা উপলক্ষে সারা দেশে প্রতিদিন আন্তনগর ও অন্য ট্রেনগুলোর আড়াই লাখ টিকিট বিক্রি করা হবে।
চাঁদ দেখার ভিত্তিতে আগামী ৫ থেকে ৭ অক্টোবর ঈদের সরকারি ছুটি হওয়ার কথা। ৪ অক্টোবর হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমীর ছুটি। প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে রেলসচিব আবুল কালাম আজাদ, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক তাফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।




