বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নিজেদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বাংলাদেশকে মৃত্যুপুরিতে পরিণত করেছে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহনগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘অনৈতিক, অবৈধ ও সঘোষিত সরকার গণতন্ত্রের মৃত্যুঘণ্টা বাজিয়ে দিয়েছে।’বিএনপি চেয়ারপারসনকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র অব্যাহত আছে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।
ফখরুল বলেন, যিনি তিন তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ১৯৯১ সালের পর যাকে কখনো লাল পাসপোর্ট ছাড়া থাকতে হয়নি। সেই সম্মানিত মহিলাকেই এখন সাধারণ জনগণের মতো আবেদন করে পাসপোর্ট সংগ্রহ করতে বাধ্য করা হচ্ছে।
তিনি বলেন, আজকে সারাদেশ থেকে খবর আসছে র্যাব কিভাবে সাধারণ জনগণের ওপর নির্যাতন চালাচ্ছে। টাকার বিনিময়ে তারা মানুষ হত্যা করছে। সেটা নারায়ণগঞ্জের ঘটনার মাধ্যমেও প্রমাণিত হয়েছে। সেই জন্য র্যাব বিলুপ্তির জন্য খালেদা জিয়া যে দাবি করেছেন তা অত্যন্ত যৌক্তিক ও ন্যায়সঙ্গত।
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব আমানুুল্লাহ আমান, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি মীর সরাফত আলী সপু, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু প্রমুখ।




