রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়গয়েশ্বরকে হাইকোর্টে তলব

গয়েশ্বরকে হাইকোর্টে তলব

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

সব কোর্টই এখন মুজিব কোটের পকেটে বন্দি’ বলে বক্তব্য দেওয়ায় আদালত অবমাননার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ তিনজনকে তলব করেছেন হাইকোর্ট। তাদেরকে আগামী ২০ এপ্রিল হাইকোর্টে এসে হলফনামা আকারে বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের হাইকোর্ট বেঞ্চ সোমবার স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। গয়েশ্বর ছাড়া অন্য দু’জন হচ্ছেন বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহ সভাপতি অধ্যাপক ডা. এম সালাম ও মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেন।

তলবের পাশাপাশি তাদের বিরুদ্ধে রুলও জারি করেন হাইকোর্ট। রুলে তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তা জানতে চাওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে গয়েশ্বর চন্দ্র রায়, ড্যাবের সহ সভাপতি অধ্যাপক ডা. এম সালাম ও মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মতপ্রকাশের স্বাধীনতা, আমার দেশ পত্রিকাসহ সব বন্ধ মিডিয়া খুলে দেওয়া ও পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে ড্যাব আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ওই মন্তব্য করেন গয়েশ্বর। তিনি বলেন, জজ কোর্ট, হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট- সব কোর্টই এখন মুজিব কোটের পকেটে বন্দি। এই পকেট ছিঁড়তে না পারলে কেউ ন্যায়বিচার পাবে না, বিচারকদের বিবেক জাগ্রত হবে না। বিচারকরা একটি নির্দিষ্ট জায়গার ইশারায় রায় লেখেন বলেও মন্তব্য করেন তিনি। ড্যাবের সহ সভাপতি অধ্যাপক ডা. এম সালাম ওই কর্মসূচিতে সভাপতিত্ব করেন ও মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেন বক্তব্য রাখেন।

আরও পড়ুন

সর্বশেষ