ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
৬ বছর পর রাজবাড়ী যাচ্ছেন ১৯দলীয় জোট নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজবাড়ীতে ১৯দলীয় জোট আয়োজিত জনসভায় ভাষণ দিতে খালেদার গাড়ি বহর রওয়ানা হয়েছেন। সকাল ১১টার দিকে তিনি গুলশানের বাস ভবন থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে রওয়ানা হন।
একতরফা নির্বাচন বাতিলের দাবি ও সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এ জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় সভাপতিত্ব করবেন রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি আলী নেওয়াজ খৈয়াম।
জনসভা শেষে সন্ধ্যা ৬টায় রাজবাড়ী সার্কিট হাউসে বিশ্রাম শেষে সোয়া ৭টায় ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন তিনি। জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।
এর আগে ২০১২ ও ২০১৩ সালে রাজবাড়ীতে পরপর ৩ বার জনসভা করার তারিখ দিলেও অজ্ঞাত কারণে তা স্থগিত করা হয়। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর এটাই খালেদা জিয়ার প্রথম ঢাকার বাইরে সফর।
সূত্র জানায়, নির্বাচনকালীন দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় বিএনপি নেতাকর্মী ও সংখ্যালঘু ক্ষতিগ্রস্ত হয়েছেন পর্যায়ক্রমে সেসব এলাকায় সফর করবেন খালেদা জিয়া। এছাড়া গত ৫ বছরের যেসব এলাকায় তিনি সফরে যাননি ওই জেলাগুলোও পর্যায়ক্রমে সফরে যাবেন বলেও জানায় ওই সূত্র।
এরইমধ্যে রাজবাড়ীতে খালেদা জিয়ার জনসভা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা বিএনপি ও ১৯ দলীয় জোট। জনসভা স্থল থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়কের দু’পাশে লাগানো হয়েছে ফেস্টুন ও প্ল্যাকার্ড এবং তৈরি করা হয়েছে শতাধিক তোরণ।




