বিনোদন ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
প্রথমবারের মতো একই সিনেমায় মা ও মেয়ে হিসেবে অভিনয় করতে যাচ্ছেন বাস্তব জীবনে মা ও মেয়ে মুনমুন সেন ও রিয়া সেন। তারা প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের মেয়ে ও নাতনি। খবর বিডিনিউজের। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, মানিক ভৌমিক পরিচালিত ‘কলকাতা কলিং’–এ প্রথমবারের মতো একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বাস্তব জীবনের মা–মেয়ে মুনমুন ও রিয়া। ওই একই সিনেমায় মুনমুনের আরেক মেয়ে রাইমাও অভিনয় করছেন। সিনেমাটিতে ৭০ থেকে ৮০–এর দশকের তিনটি কাহিনীর সমন্বয় করা হয়েছে। এর আগে একটি বিজ্ঞাপনে রিয়া এবং রাইমার সঙ্গে একটি টেলিফিল্মে কাজ করেছিলেন মুনমুন। এই প্রথম তারা একসঙ্গে সিনেমায় কাজ করছেন। মুনমুন সেন জানান, “আমি এবং রিয়া তিনটির মধ্যে একটি কাহিনীতে অভিনয় করেছি। অন্য একটি কাহিনীতে রাইমা অভিনয় করছে।” তরুণ পরিচালকদের পরিচালনায় নতুন ধরনের চরিত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেন মুনমুন। তিনি বলেন, “সিনেমায় চরিত্রগুলো খুবই নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমি আমার চরিত্র নিয়ে অতটা সন্তুষ্ট না হলেও আশা করছি নতুন প্রজন্ম সিনেমাটি উপভোগ করবে।” রিয়া সেন ঋতুপর্ণ ঘোষের ‘নৌকাডুবি’ সিনেমায় তার অভিনয়ের সুবাদে পেয়েছেন সমালোচকদের প্রশংসা। ওই সিনেমায় মুনমুন সেনও একটি দৃশ্যে অভিনয় করেছিলেন। রিয়া বলেন, “মা সিনেমাটির কয়েকটি দৃশ্যে অভিনয় করেছিলেন। চরিত্রটি খুব ছোট হলেও প্রতিটি দৃশ্যই ছিল খুব গুরুত্বপূর্ণ।” রিয়া মন্তব্য করেন, “সেনরা কখনও একসঙ্গে অভিনয় করার কথা চিন্তা করে না। তবে এটা মানিকের পরিচালনায় সিনেমা। আর তাই আমরা তিনজনই অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছি।” শ্রীজিৎ মুখার্জির ‘জাতিস্মর’ সিনেমায়ও অভিনয়ের জন্য সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছেন রিয়া। রিয়া বলেন, “বাংলা সিনেমার নতুন ধারা এবং এই পরিবর্তন দারুণ উপভোগ করছি আমি। এই নতুন ধরনের চরিত্র এবং কাহিনী সত্যিই অসাধারণ।” রিয়ার মতে, পুরোপুরি পুরনো ধারার সিনেমা নয় এটি। বরং পুরনো কাহিনীকে নতুন মোড়কে সাজানো হয়েছে। ৩৩ বছর বয়সী রিয়া এখানে ২২ বছরের এক মেয়ের চরিত্রে অভিনয় করেছেন।



