ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
হজে গমনেচ্ছু ব্যক্তিদের শুধু সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইনের মাধ্যমে হজযাত্রী পরিবহনের সরকারি সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন হাই কোর্ট। বৃহস্পতিবার একটি রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গণির বেঞ্চ এই রায় দেয়।
আদালতে রিটকারীপক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব শফিক ও অ্যাডভোকেট কে এম হাফিজুল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান।
২০১৩ সালের ২৪ এপ্রিল আন্তঃমন্ত্রণালয়ের এক সিদ্ধান্তে ৫০ শতাংশ হজযাত্রী বিমান বাংলাদেশের এবং বাকি ৫০ শতাংশ এয়ার লাইনসের বিমানে যাবেন বলে সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত প্রতিযোগিতা আইন-২০১২-এর পরিপন্থী দাবি করে জুলাই মাসে হাইকোর্টে রিট করেন হজ এজেন্সিস অব বাংলাদেশের (হাব) সাধারণ সম্পাদকসহ তিন জন।
প্রাথমিক শুনানির পর ২৯ জুলাই রুল দেন আদালত। রুলে ওই সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে হজে গমনেচ্ছু ব্যক্তিরা তাদের পছন্দসই বিমানে হজে যেতে পারবেন বলে নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের আবেদনের পর এ আদেশ আপিল বিভাগে স্থগিত হয়। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট আজ আদেশ দেন।
রিট আবেদনে বলা হয়, কেবল দুইটি এয়ারলাইন্সের মাধ্যমে হজযাত্রী পরিবহনের সিদ্ধান্ত ‘কম্পিটিশন অ্যাক্ট-২০১২’ এর সঙ্গে সাংঘর্ষিক। ওই সিদ্ধান্তের ফলে টিকেট পেতে কেবল দুইটি বিমান পরিবহন সংস্থার ওপর নির্ভর করতে হয়। এ ধরনের ‘মনোপলি’সৃষ্টি করার মতো কোনো পরিস্থিতি দেশে সৃষ্টি হয়নি।




