রাজধানীর কাওরানবাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (৪ জানুয়ারি) ব্যবসায়ীরা রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়, যা ধাওয়া-পাল্টা ধাওয়ায় পরিণত হয়।
ঘটনাস্থলে উপস্থিত তেজগাঁও বিভাগের এডিসি জুয়েল রানা সাংবাদিকদের বলেন, “রাস্তা অবরোধ করে বিশৃঙ্খলার চেষ্টা করলে আমরা তা ক্লিয়ার করি। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।”
জানা গেছে, মোবাইল ব্যবসায়ীরা জাতীয় ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর প্রতিবাদে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে। বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে সাময়িক যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এনইআইআর বাস্তবায়নের বিষয়ে ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। অপরদিকে, ব্যবসায়ীরা আশা করছেন, প্রশাসন তাদের সঙ্গে আলোচনা করে সমাধান বের করবে।
দুপুর সোয়া ১২টার দিকে এই প্রতিবেদন লেখার সময় কাওরানবাজার মোড়ে যানবাহন চলাচল শুরু হয়েছে। আন্দোনকারীরা বসুন্ধরা শপিংমলের সামনে অবস্থান করছেন।




