রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়আগামীর বাংলাদেশ গড়তে প্রতিটি খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠা ছাড়া বিকল্প নেই...

আগামীর বাংলাদেশ গড়তে প্রতিটি খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠা ছাড়া বিকল্প নেই : আমীর খসরু

আগামীর বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠা ছাড়া বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আমীর খসরু অভিযোগ করেন, বিগত সরকারের সময় ব্যাংক ও ইন্স্যুরেন্স খাতে ব্যাপক দলীয়করণ হয়েছে, যার ফলে আর্থিক খাত চরম দুরবস্থার মুখে পড়েছে। তিনি বলেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ২৫ বছরে তৃতীয় অবস্থানে এলেও ব্যাংকিং খাতে ‘লুটপাটের মহোৎসব’ চলেছে। যারা ব্যাংক থেকে টাকা নিয়ে গেছেন তারা লাভবান হলেও, প্রতিষ্ঠানের কর্মীরাই ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ইন্স্যুরেন্স খাতের অনিয়ম নিয়ে তিনি বলেন, অনেক কোম্পানি গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না। দেশে এমন অন্তত ২০টি কোম্পানি রয়েছে। এসব প্রতিষ্ঠানে যাদের মাধ্যমে লুটপাট হয়েছে, তাদের দায়বদ্ধতা নিশ্চিতের প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি প্রশ্ন তোলেন, দেশে এতগুলো ইন্স্যুরেন্স কোম্পানি অনুমোদনের প্রয়োজন ছিল কি না। তার অভিযোগ, বিগত সরকার দলীয় বিবেচনায় ব্যাংক-বীমা কোম্পানিকে অনুমোদন দিয়েছিল, যা অর্থনীতিকে দুর্বল করেছে।

বিএনপি ক্ষমতায় এলে আর্থিক খাত পুনর্গঠনে বড় ধরনের সংস্কার আনা হবে জানিয়ে আমীর খসরু বলেন, স্বচ্ছতা নিশ্চিত করতে আর্থিক খাতকে দলীয়করণমুক্ত করা হবে। তিনি আরও বলেন, ‘আগামীর বাংলাদেশ গড়তে হলে সকল সেক্টরে জবাবদিহিতা প্রতিষ্ঠা অপরিহার্য।’

আরও পড়ুন

সর্বশেষ