ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার অংশজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এছাড়া কনকনে শীতে নাকাল হচ্ছেন যাত্রীরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে এ যানজটের শুরু। তবে অভিযোগ উঠেছে, যানজট নিরসনে স্থানীয় প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছেনা। টাঙ্গাইলের মির্জাপুর গোড়াইল থেকে করটিয়া পর্যন্ত যানজট ছড়িয়ে পড়েছে।
১৮ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধ শুক্র ও শনিবার স্থগিত হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়া ও বেপরোয়া ওভারটেকের ফলে এ দূর্ভোগের সৃষ্টি হয়। এ বিষয়ে মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়েদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।




