আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামীকাল সোমবার সর্বদলীয় সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিবেন। বঙ্গভবনে কাল দুপুর তিনটায় এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। রোববার রাতে রাষ্ট্রপ্রতি আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার বিকাল ৩টায় এই শপথ হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী দেশের সার্বিক পরিস্থিতি ও সরকারের কার্যক্রম সম্পর্কে মহামান্য রাষ্ট্রপতিকে অবহিত করেছেন। নির্বাচনকালীন সর্বদলীয় সরকারেরও বিষয়ে অবহিত করেছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, এই মন্ত্রিসভা হবে বর্তমানের চেয়ে আকারে ছোট। এর কাঠামো ও কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতিকে অবহিত করেছেন।’ রাষ্ট্রপতি এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এর সাফল্য কামনা করেছেন বলেও সচিব জানান। তবে এই মন্ত্রিসভায় কারা থাকছেন, সে বিষয়ে কিছু বলেননি সচিব। সন্ধ্যা পৌনে ৬টায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে অভ্যর্থনা জানান। প্রায় এক ঘণ্টা আলোচনা করেন তারা।
একটি সূত্র জানিয়েছে, নতুন মন্ত্রিসভায় সর্বোচ্চ ৩০ জন সদস্য থাকতে পারে। মন্ত্রিসভায় কারা থাকছেন সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে জানা গেছে বিরোধী দলের জন্য পাঁচটি মন্ত্রণালয় রেখে দিয়ে অপেক্ষা করা হবে। নতুন যাদের নাম শোনা যাচ্ছেন তারা হলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, মঈনুদ্দিন খান বাদল, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশান এরশাদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন বাবলু, জিএম কাদের, সালমা ইসলাম, মজিবুল হক চুন্নু। মন্ত্রী পরিষদ সচিব ফোন করেছেন স্বীকার করে মজিবুল হক চুন্নু বলেছেন, হা কাল আমাকে বঙ্গভবনে আমন্ত্রণ জানানো হয়েছে।




