ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনকে প্রহসন ও তামাশা বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। তিনি বলেন, সর্বদলীয় সরকারের এই তামাশা জনগণ মেনে নিবে না। এই সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলেও ঘোষণা দেন মির্জ ফখরুল।
ফখরুল বলেন, সর্বদলীয় সরকারের প্রস্তাব বিএনপিকে দেওয়া হয়নি। সর্বদলীয় সরকার নিয়ে তিনি বলেন, এই সরকারের বিরুদ্ধে দেশের জনগণ ঝাপিয়ে পরে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবে। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক সঙ্কট নিয়ে মানুষ উদ্বিগ্ন। এই সঙ্কট সমাধানের জন্য সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। মহাসচিব বলেন, জনগণ চায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন কিন্তু সরকার এই গণদাবিকে পাশ কাটিয়ে একটি ষড়যন্ত্রমূলক নির্বাচনের চেষ্টা করছে।
গণতন্ত্র রক্ষায় ১৮ দলীয় জোট আন্দোলন চালিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির আন্দোলন করছে, করবে। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। এসময় তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যাবস্থা ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে ১৮ দলীয় জোটের আন্দোলনের সাথে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়া আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান প্রমুখ।
প্রসঙ্গত, নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের উদ্যোগ নিয়েছেন রাষ্ট্রপতি। আজ রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সর্বদলীয় সরকার গঠনের বিষয় নিয়ে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই সিদ্ধান্ত হয় কালই শপথ নিবেন নতুন সর্বদলীয় সরকারের মন্ত্রিপরিষদ সদস্যরা। কাল বঙ্গভবনেই শপথ অনুষ্ঠান সম্পন্ন হবে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ।




