নতুন নির্দেশনা অনুযায়ী, গ্রাহকের সঙ্গে ঋণচুক্তির আওতায় সুদহার পরিবর্তনের যৌক্তিকতা উল্লেখপূর্বক ন্যূনতম এক মাস আগে ঋণের নথিতে সংরক্ষিত সর্বশেষ হালনাগাদ যোগাযোগের ঠিকানায় ডাকযোগে গ্রাহককে নোটিশ পাঠাতে হবে। পাশাপাশি গ্রাহকের নোটিশ প্রাপ্তির প্রমাণপত্র সংশ্লিষ্ট ঋণ নথিতে সংরক্ষণ করতে হবে। ঋণচুক্তির আওতায় সুদহার কমানো ও বাড়ানোর ক্ষেত্রে সংকুচিত বা অতিরিক্ত অর্থ পরবর্তী কিস্তির সঙ্গে সমান হারে সমন্বয় করে গ্রাহককে নতুন পরিশোধ সূচি জানাতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে কিছু আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুদহারে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে এ খাতের নিয়ন্ত্রক এই প্রতিষ্ঠান। আর্থিক প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ৭ শতাংশ সুদে আমানত সংগ্রহ করতে পারে। আর ঋণ দিতে পারে সর্বোচ্চ ১১ শতাংশ সুদে।




