সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়প্রধানমন্ত্রী আজ গাজীপুর যাচ্ছেন

প্রধানমন্ত্রী আজ গাজীপুর যাচ্ছেন

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

প্রধানমন্ত্রী আজ গাজীপুর যাচ্ছেন। এখানে বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এসব প্রকল্পে সর্বমোট ব্যয় হচ্ছে ৪৫ হাজার কোটি টাকা। পরে প্রধানমন্ত্রী জেলা আওয়ামী লীগ আয়েজিত এক বিশাল জনসভায় ভাষণ দেবেন। জেলা আওয়ামী লীগ সভাপতি আকম মোজাম্মেল হক এমপি জানান, বৃহস্পতিবার দুপুরে গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (বিআরআরআই) হেলিকপ্টারযোগে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রী ডিজিটাল সিস্টেমে গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় ৪৫ হাজার কোটি টাকার যে ২১টি প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সেগুলো হলো- শ্রীপুরে অবস্থিত আধুনিক ও বিশ্ব মানের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক, জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, নবীনগর-ডিইপিজেড-চন্দ্রা সড়ক চার লেনে উন্নীতকরণ, গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট (বিআরটি, গাজীপুর এয়ারপোর্ট), দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতি সেতু নির্মাণ এবং বিদ্যমান সেতু পুনর্বাসন প্রকল্প, শ্রীপুর ফায়ার সর্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, সম্প্রসারিত শ্রীপুর উপজেলা পরিষদ ভবন, গাজীপুর ৪২ মেগাওয়াট ডুয়েল ফুয়েল পাওয়ার প্লযান্ট, ঐতিহ্যবাহী রাজবাড়ি মাঠের সংস্কার/সৌন্দর্যবর্ধন, টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম, ৪০ কি. মি. গার্ডার ব্রিজসহ লতিফপুর-জিসি রাস্তা, হবুয়ার চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ উর্ধ্বমুখী সম্প্রসারণ, শ্রীফলতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ উর্ধ্বমুখী সম্প্রসারণ, টঙ্গী ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল উদ্বোধন, বরামা-সিংহশ্রী রুটের শীতলক্ষ্যা নদীর ওপর ৩১৫ মিটার পিসি গার্ডার ব্রিজ নির্মাণ প্রকল্প, ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় নির্মিত এমআরটি লাইনের ভিত্তিপ্রস্তর, ১৫০ মেগাওয়াট ডুয়েল ফুয়েল প্ল্যান্টের ভিত্তি প্রস্তর, গাজীপুর ৫০ শয্যার জেনারেল হাসপাতালের ভিত্তিপ্রস্তর, গাজীপুরের পূবাইলের মেঘডুবিতে ট্রমা সেন্টারের ভিত্তিপ্রস্তর, গাজীপুরের ছোট দেওড়ায় অবস্থিত নার্সিং ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর এবং উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন।

গাজীপুর -২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল জানান, প্রধানমন্ত্রীর গাজীপুর সফর উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এউপলক্ষে গত ২৬ অক্টোবর গাজীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক প্রস্তুতি সভায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি উপস্থিত ছিলেন। এদিকে গাজীপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আওয়ামী লীগসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যে গাজীপুরকে রঙিন সাজে সাজানো হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, প্রধানমন্ত্রীর অনুষ্ঠান নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রয়োজনীয় নিরাপদ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ