ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বগুড়ার গাবতলীতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংর্ঘষে একজন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আজ রবিবার দুপুর দেড়টা থেকে ঘন্টাব্যাপী দুই পক্ষের মধ্যে এই সংর্ঘষ চলে।
সংর্ঘষে নিহত শাজাহান আলী (৩৮) গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সদস্য এবং দিহিডহর গ্রামের মৃত ছাবেদ ফকিরের ছেলে।
জানা গেছে, গাবতলী পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পদক মোর্শেদ মিলটন পক্ষের সাথে উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম হেলাল গ্রুপের বিরোধ চলে আসছিল দীর্ঘ দিন ধরে।
আজ দুপুর দেড়টার দিকে জাহিদুল গ্রুপের নেতাকর্মীরা হরতালের সমর্থনে গাবতলী তিনমাথা মোড়ে অবস্থান নেয়। এসময় মিলটন গ্রুপের নেতাকর্মী ধারালো অস্ত্র লাঠি সোটা নিয়ে জাহিদুল গ্রুপের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।
এসময় উভয় গ্রুপের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। ঘন্টাব্যাপী সংর্ঘষ চলাকালে মিলটন গ্রুপের নেতাকর্মী ধারালো অস্ত্র দিয়ে জাহিদুল গ্রুপের কর্মীদেরকে কুপিয়ে মারাত্মক আহত করে।
আহতদের উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অব্স্থায় শাজাহান আলী মারা যায়। মিলটন গ্রুপের আহতদের মধ্যে জুইন পাইকর (২০) আরেফিন (৪০) সহিদুল(৩৪) এবং তারিক(৪৫) বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে মিলটন গ্রুপের আহতরা গাবতলী উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়ে আত্মগোপন করেছে। গাবতলী থানার ওসি আবু আহমেদ হাশমী জানান, দু’পক্ষের সংঘর্ষ চলাকালে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।




