সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়নির্দলীয় সরকারের দাবিতে চলমান ৬০ ঘন্টার হরতাল প্রত্যাহার হচ্ছে না : মির্জা...

নির্দলীয় সরকারের দাবিতে চলমান ৬০ ঘন্টার হরতাল প্রত্যাহার হচ্ছে না : মির্জা ফখরুল

নির্দলীয় সরকারের দাবিতে চলমান ৬০ ঘন্টার হরতাল প্রত্যাহার হচ্ছে না-এমন ইঙ্গিত দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ স্বত:স্ফূর্তভাবে হরতাল পালন করছে। সংলাপের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এ অজুহাতে আলোচনার উদ্যোগ ব্যাহত হবে না। তিনি বলেন, সরকারের আচরণের ওপর নির্ভর করে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে।
দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নির্বাচনকালীন সময়ে নির্দলীয় সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এই হরতালের পর যেকোনো সময়, যে কোনো জায়গায় আলোচনা হতে পারে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, প্রধানমন্ত্রী যে সময়ে ফোন দিয়েছেন তখন হরতালের কর্মসূচি প্রত্যাহার বা পরিবর্তন করারমতো সময় ও সুযোগ ছিল না।
সংলাপ শুরু করতে সরকারের প্রতি আহবান জানিয়ে মির্জা আলমগীর বলেন, আমরা সংলাপের পথেই আছি। আশা করছি সংকট নিরসনে সরকার উদ্যোগ নেবে।
সংলাপের বিষয়ে দুই দলের মহাসচিব পর্যায়ে যোগাযোগ রয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে বিএনপির মুখপাত্র বলেন, আমরা সঙ্গে কোনো যোগাযোগ হয়নি।
১৮দলীয় জোটের ডাকা হরতাল চলাকালে ফরিদপুরে পুলিশের গুলিতে এক যুবদল কর্মী নিহত হওয়ার খবর জানালেও তার নাম জানাননি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এছাড়াও যশোরে হরতাল আহবানকারীদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
হরতালের কারণে ও-লেভেল পরীক্ষা ব্যাহত হলে শিক্ষার্থীদের এক বছর পিছিয়ে পড়তে হবে- এব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা আলমগীর বলেন, হরতাল হলে এ ধরনের সমস্যা হয়। বৃহত্তর স্বার্থে কঠিন কর্মসূচি দিতে হয়েছে। আমরা দীর্ঘদিন পর কঠিন কর্মসূচি দিয়েছি।
বিরোধীদলীয় নেতাকে ফোন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ