ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের শুরুতেই রবিবার রাজধানীর বিভিন্ন জায়গায় সহিংসতা চালিয়েছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এসময় তারা গাড়িতে ভাঙচুর, আগুন ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত কিংবা আটকের খবর পাওয়া যায়নি।
আজিমপুর: রবিবার ভোরে আজিমপুর এলাকায় দুটি রিকশা, একটি সিএনজি চালিত অটোরিকশায় আগুন দিয়েছে। ভাঙচুর চালিয়েছে চারটি গাড়িতে। ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে ওই এলাকায়।
এ ব্যাপারে লালবাগ থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, ‘সকাল থেকে এ ধরনের কোনো খবর পাওয়া যায়নি।’
ভাটারা: রাজধানীর নর্দ্দা এলাকায় রবিবার সকাল সাতটার দিকে মূল সড়কে হরতাল সমর্থকরা পরপর তিনটি শক্তিশালী ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
খিলগাঁও: রাজধানীর খিলগাঁওয়ের পল্লমী সংসদের সামনে রবিবার সকাল ৮ টার দিকে যুবদলের ব্যানারে একটি মিছিল করে হরতাল সমর্থকরা। এসময় তারা পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ব্যাপারে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ধানমন্ডি: ধানমন্ডির সাতমসজিদ রোডে আটটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা। রবিবার ভোর ৫ টার দিকে ধানমন্ডি আবহনী মাঠের কোনায় এসব বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম জানান, ‘ঘটনাটি আমার জানা নেই।’
গাবতলী: রাজধানীর গাবতলীর বাস ডিপোতে ছয়টি বিআরটিসি বাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। বিআরটিসির গাবতলী বাস ডিপোর ব্যবস্থাপক আব্দুর রহিম ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমকে জানান, রবিবার ভোর ৪ টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা দেয়াল টপকে ছয়টি দোতালা বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে র্যাব-৪ এর উপ-সহকারী পরিচালক ফজলুর রহমান বলেন, ছয়টি বাসের দুইটি বাস পুরোপুরি পুড়ে গেছে। বাকি চারটি আংশিক পুড়েছে।
ধোলাইপাড়: যাত্রাবাড়ির ধোলইপাড় এলাকায় সকাল সাড়ে ৭ টার দিকে হরতাল সমর্থনে একটি ঝটিকা মিছিল বের করেছে সেচ্ছাসেবক দল। এসময় তারা বেশ কয়েকটি রিকশা ভাঙচুর করে ও বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলে র্যাব সদস্যরা আসলে মিছিলকারীরা দ্রুত পালিয়ে যায়।




