ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
পটুয়াখালীর বদরপুর ও বাউফলে আওয়ামী লীগ- বিএনপি সংঘর্ষে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী সহ আহত অর্ধশত এবং ঘটনা স্থল থেকে ১২ জনকে আটক করেছে পুলিশ।
রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটকে শর্তসাপেক্ষে সমাবেশ করার অনুমতি দিলেও দেশের বিভিন্ন জায়গায় সভা-সমাবেশ নিয়ে জনমনে ব্যাপক উত্কণ্ঠা বিরাজ করছে।
দুই প্রধান জোট যেসব বিভাগীয় ও জেলা শহরে পাল্টাপাল্টি সমাবেশ ডেকেছে সেসব জায়গায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। কোন কোন জায়গায় নিষেধাজ্ঞার মধ্যে সমাবেশ করার উদ্যোগ নিয়েছে বিএনপি।
সারাদেশ ব্যাপী চলছে পুলিশের ব্যাপক অভিযান। ইতিমধ্যেই বিরোধী দলের কয়েকশ নেতাকর্মীকে আটক করা হয়েছে। রাজধানী এবং নারায়ণগঞ্জের বাইরেও বিভিন্ন জেলা শহরে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতির আশংকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।এছাড়া দেশের সব কয়টি জেলা ব্যাপক নিরাপত্তা ব্যবস্তা জোরদার করা হয়েছে।




