ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
কোনো সিদ্ধান্ত ছাড়াই ১৮ দলীয় জোটের সংসদ সদস্যদের সঙ্গে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠক মুলতবি হয়েছে। বিএনপির সংরক্ষিত মহিলা এমপি সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া বৈঠক মুলতবি হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বিএনপি চেয়ারপারসনের বরাত দিয়ে বলেন, ‘আজকে ব্যস্ততার কারণে বৈঠকটি সম্পন্ন হয়নি। আগামীকাল সুবিধা মতো সময়ে এ বৈঠক আবার অনুষ্ঠিত হবে।’ তবে বৈঠকটি কোথায় হবে সেটি নিশ্চিত হওয়া যায়নি।
এরআগে মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে রাত সোয়া নয়টায় এ বৈঠক শুরু হয়। নির্বাচনকালীন সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে যে বক্তব্য দেয়া হয়েছে তা সংসদেও তুলে ধরা হবে। এ জন্য তিনি এমপিদের নিয়ে জরুরী বৈঠক বসেছেন বলে জানা গেছে।
বৈঠকে বিএনপির সংসদ সদস্য ছাড়াও বিরোধী জোটের অন্যদলের সাংসদরাও রয়েছেন। বৈঠকে নির্বাচনকালীন সরকার নিয়ে সরকার গঠনের প্রস্তাব ছাড়াও সংসদ থেকে পদত্যাগের বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে দলের একাধিক এমপি জানিয়েছেন।




