ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠন এবং রাজনৈতিক সংকট নিরসনের জন্য সংলাপের আহবান জানিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগকে চিঠি দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
মঙ্গলবার সকালে বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদীন ফারুকের নেতৃত্বে অপর দুই এমপি বরকত উল্লাহ বুলু এবং শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের মিন্টু রোডের বাসায় চিঠি নিয়ে যান। বেলা পৌনে বারোটায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিঠি গ্রহণ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে মোবাইলে কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব যখন সংবাদ সম্মেলন করছিলেন তখনই দুই দলের মুখপাত্রের সঙ্গে ফোনে কথা হয়। চিঠি পাঠানোর জন্য মির্জা ফখরুলকে ধন্যবাদ জানান সৈয়দ আশরাফ। মির্জা ফখরুল সৈয়দ আশরাফকে বলেন, আমরা এগিয়ে আসছি, আশা করছি আপনারাও এগিয়ে আসবেন। ইতিবাচক উদ্যোগ গ্রহণ করলে অত্যন্ত খুশি হবো। জবাবে সৈয়দ আশরাফ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে বলেন, আমি দিনাজপুর যাচ্ছি। চিঠির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবগত করবো।




